স্বেচ্ছায় রক্তদান করলেন সদ্য পিতৃহারা সন্তান

সৌভিক সিকদার, পূর্ব বর্ধমান -:
তখনও ২৪ ঘণ্টা পার হয়নি। বুকের মধ্যে শোকের আগুন তখনও নেভেনি। সদ্য পিতৃহারা হয়েছেন গুসকরা পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মিঠুন চ্যাটার্জ্জী। সমাজের প্রতি কর্তব্যের টানে পাড়ায় আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে ছুটে আসেন রক্তদান করতে। তার উপস্থিতিতে মুহূর্তের মধ্যে পাল্টে যায় শিবিরের পরিবেশ। 

        গুসকরা পৌরসভার ৩ নং ওয়ার্ডের 'সেবা সমিতি'-র উদ্যোগে এবং আপন ওয়েলফেয়ার সোসাইটির সক্রিয় সহযোগিতায় চাঁদরায় তলায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংক শাখা শিবির থেকে ৫৪ ইউনিট রক্ত সংগ্রহ করে। রক্তদাতাদের মধ্যে ১৫ জন মহিলার পাশাপাশি একজন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ছিলেন। সংগৃহীত রক্ত সংশ্লিষ্ট ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। 

      রক্তদাতাদের উৎসাহ দেওয়ার জন্য শিবিরে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলার শিপ্রা চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী দেবব্রত শ্যাম, আপন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক অধ্যাপক শিশির ঘোষ সহ অন্যান্য সদস্যরা, জেলার একাধিক রক্তদান শিবিরের অন্যতম আয়োজক সৌগত গুপ্ত, রবীন্দ্রনাথ ঘোষ সহ 'সেবা সমিতি'-র অন্যান্য সদস্যরা ও সম্পাদক মলয় চৌধুরী এবং গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখার্জ্জী সহ শহরের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। 

     সদ্য পিতৃহারা মিঠুন বাবু বলেন, বাবার আদর্শ মেনে আমি ও আমার পরিবারের সদস্যরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। কুসংস্কার কাটিয়ে তিনি অন্যান্যদের স্বেচ্ছায় রক্তদান করার জন্য আহ্বান জানান।

      সেবা সমিতির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে কুশল বাবু বলেন, আমি চাই শহরের অন্যান্য সংস্থাগুলো রক্তদান শিবির আয়োজন করতে উদ্যোগ নিক।
      

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

অপহরণের ছায়া কাটিয়ে পুলিশের বীরত্ব,গরু ব্যবসায়ী উদ্ধার,চার অপরাধীরা গ্রেফতার

পুলিশ ফাঁড়ির সামনেই দুঃসাহসিক চুরি, রূপনারায়ণপুরে আতঙ্কের ছায়া