ভোটের দামামা আসানসোলে: নামল কেন্দ্রীয় বাহিনী, ইসমাইল গুরুনানক পল্লীতে রুট মার্চে জওয়ানরা
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল -:
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা না হলেও, বাংলায় নির্বাচনী তৎপরতা তুঙ্গে। রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন। সেই প্রস্তুতির অঙ্গ হিসেবেই আসানসোলে পা রাখল কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার এই গুরুত্বপূর্ণ শহর আসানসোলের ইসমাইলে শুরু হলো কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। ভোটারদের মনে সাহস জোগানোর চেষ্টায় শুক্রবার সকালে হিরাপুর থানার পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রুট মার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মূলত আসানসোল শিল্পাঞ্চল এলাকার স্পর্শকাতর অঞ্চলগুলিতে বিশেষ টহল দেওয়া হয়। বাহিনীর জওয়ানরা কেবল মার্চ করেই ক্ষান্ত থাকেননি, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং এলাকার ভৌগোলিক পরিস্থিতি খতিয়ে দেখেন।
প্রশাসন সূত্রে খবর, নির্বাচনের অনেক আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মূল উদ্দেশ্য হলো এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ ভোটারদের মনে আত্মবিশ্বাস জাগানো। গত কয়েক বছরে ভোটের সময় হওয়া অশান্তির স্মৃতি মাথায় রেখে এবার অনেক আগে থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে আসানসোল শহরকে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “সাধারণ মানুষ যাতে নির্ভয়ে বুথমুখী হতে পারেন এবং কোনো চাপের মুখে না পড়েন, সেটাই আমাদের অগ্রাধিকার।”
অন্যদিকে এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মার্চ করতে দেখে খুশি সাধারণ বাসিন্দারা। ইসমাইল এলাকার এক দোকানদারের কথায়, “আগে থেকে বাহিনী আসায় আমরা অনেকটা আশ্বস্ত বোধ করছি। আশা করি এবার শান্তিতে ভোট দিতে পারব।” বাহিনী ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ তৈরি করতে তারা দায়বদ্ধ।
Comments
Post a Comment