দেওয়াল লেখা নিয়ে দুই দলের মধ্যে উত্তেজনা
অঙ্কিতা চ্যাটার্জ্জী, আসানসোল -:
শনিবার সকালে দেওয়াল লিখনকে কেন্দ্র করে আসানসোলের বার্ণপুর রোডের ডলি লজ এলাকায় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে বচসার ফলে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হীরাপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজেপির অভিযোগ, দলীয় প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জ্জীর সমর্থনে এলাকায় দেওয়াল লিখতে শুরু করলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাধা দেয় এবং আগে থেকে তাদের 'বুক' দেওয়ালে জোর করে লেখার চেষ্টা করে। দু'পক্ষের মধ্যে বচসার সৃষ্টি হয়। খবর পেয়ে এলাকায় আসেন বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জ্জী। তিনি দাবি করেন, বাড়ির মালিকের অনুমতি নিয়ে দেওয়ালে এই লেখা হচ্ছিল।
তৃনমূল কংগ্রেস কাউন্সিলার মৌসুমী বসুর দাবি, তারা দীর্ঘদিন ধরে এই দেওয়ালে লিখে আসছে এবং ২০৩১ সাল পর্যন্ত 'বুকিং' করে চুনকাম করা থাকলেও গুটকা ও পানের পিক ফেলে নোংরা করা হয়েছে। দলের কর্মীরা ঐ দেওয়াল নতুন করে চুনকাম করে দলীয় প্রার্থী মলয় ঘটকের নামে দেওয়াল লিখতে এসে দেখে বিজেপির কর্মীরা তাদের প্রার্থীর নাম লিখছে৷ গোটা বিষয়টি মলয় ঘটককে বলা হয়েছে। দলের নির্দেশ মতো পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
Comments
Post a Comment