কয়লা খনিতে স্থানীয়দের কাজের দাবি তুলল এলাকাবাসী
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, সালানপুর -:
আসানসোল শিল্পাঞ্চলের মাটির নীচে আছে 'কালো হীরে' কয়লার ভাণ্ডার। ইসিএল কর্তৃপক্ষ খনি থেকে সেই কয়লা তোলার দায়িত্ব দিয়েছে নানান ঠিকাদারি সংস্থাকে। এইকাজের সঙ্গে যারা যুক্ত আছে তারা সবাই বহিরাগত। স্থানীয় বেকার যুবক-যুবতীদের কাজের দাবিতে ইসিএল -এর বনজেমারী কোলিয়ারির এজেন্ট অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন বরাভূই গ্রামের বাসিন্দারা।
তাদের দাবি, এখানে কয়লা তোলার আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যোগ্যতার ভিত্তিতে স্থানীয় আদিবাসী ও বেকার যুবক-যুবতীদের কাজের অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি উপেক্ষিত থেকে গেছে। তাদের আশঙ্কা স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগতদের কাজ দেওয়া হবে। তাদের বক্তব্য, খনি তাদের এলাকায় তাই কর্মসংস্থানের প্রথম অধিকার তাদেরই প্রাপ্য।
এদিন নানান স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে তারা দেন্দুয়া থেকে মিছিল শুরু করে এজেন্ট অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। তাদের স্লোগানে চারপাশ মুখরিত হয়ে এলাকা।স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগত শ্রমিক নিয়োগের সম্ভাবনার বিরুদ্ধে তারা সরব হন।
তবে এজেন্ট অফিসার অনুপস্থিত থাকায় কোলিয়ারির ম্যানেজারের হাতে স্মারকলিপি তুলে দেন গ্রামবাসীরা।
ম্যানেজার দীপক তানোয়ার বলেন, 'গ্রামবাসীদের দাবি সংবলিত স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।'
এদিকে বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, লিখিত নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।
Comments
Post a Comment