তৃণমূলের প্রার্থী তালিকা, চলছে জল্পনা
জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, নিউজ হিন্দুস্থান-:
শাসকদলের মধ্যে প্রার্থী তালিকা থেকে বিগত বিধায়কদের মধ্যে কার কার নাম বাদ যেতে পারে সেটা নিয়ে সব মহলেই চলছে জোর জল্পনা। পাশাপাশি নানান সমীরণ নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে চলছে আলোচনা। তবে 'রিপোর্ট কার্ড’ মডেল অনুসরণ করে এবারের টিকিট বণ্টন হতে চলেছে সেই ব্যাপারে মোটামুটি ইঙ্গিত মিলছে। গত পাঁচ বছরে কোন বিধায়ক এলাকায় কতটা সক্রিয় ছিলেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন কি না, সংগঠন কতটা মজবুত করেছেন- সব খতিয়ে দেখা হচ্ছে বলেই দাবি।
সূত্রের খবর জনবিচ্ছিন্নতা, দুর্নীতি, গোষ্ঠীদ্বন্দ্ব সহ নানান অভিযোগ রয়েছে এরকম প্রায় ৪০-৪২ জন বর্তমান বিধায়কের টিকিট পাওয়া এবার অনিশ্চিত। নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক প্রভাবশালী নেতা বলেন, "এবার কাজই হবে টিকিট পাওয়ার একমাত্র মাপকাঠি। চমক থাকবেই।"
সবচেয়ে বড় জল্পনা হেভিওয়েট মন্ত্রীদের কেন্দ্র পরিবর্তন ঘিরে। জানা যাচ্ছে উত্তর ২৪ পরগনা সহ একাধিক জেলার প্রবীণ নেতাদের শহর সংলগ্ন নিরাপদ আসনে নিয়ে আসার ভাবনা চলছে। তাদের বয়স ও যাতায়াতের বিষয়টি মাথায় রেখে এই কৌশল নেওয়া হচ্ছে বলে শোনা যাচ্ছে । কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সংগঠনে যারা দীর্ঘদিন ধরে সক্রিয় তাদের কয়েকজনকে চ্যালেঞ্জিং আসনে পাঠানোর পরিকল্পনাও নাকি রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের ফলে প্রবীণদের যেমন সুরক্ষা দেওয়া হবে তেমনি নতুন মুখদের জায়গা তৈরি করে দেওয়া যাবে।
এই সম্ভাব্য রদবদল ঘিরে দলের অন্দরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দীর্ঘদিনের ‘নিরাপদ’ বিধায়কদের মধ্যেও অনিশ্চয়তার ছায়া স্পষ্ট । রাজ্যসভা নির্বাচন সামনে থাকায় এখনই প্রার্থী তালিকা ঘোষণা করতে চাইছেনা তৃণমূল নেতৃত্ব । টিকিট না পাওয়ার আশঙ্কায় কেউ যাতে দলবদলের পথে না হাঁটেন, সে দিকেও কড়া নজর রাখা হচ্ছে বলে খবর। বিজেপির 'ভাঙন রাজনীতি'র অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই সতর্ক তৃণমূল নেতৃত্ব ।
Comments
Post a Comment