আসানসোল পৌরনিগম: তৃণমূল কাউন্সিলর সঞ্জয় নোনিয়ার ইস্তফা
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
রাজ্যে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই আসানসোলে বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। আসানসোল পৌরনিগমের ৫৮ নম্বর ওয়ার্ডের প্রভাবশালী তৃণমূল কাউন্সিলর সঞ্জয় নোনিয়া ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে নিজ পদ থেকে ইস্তফা দিয়েছেন। গত ৮ জুন তিনি পৌর কমিশনারের কাছে পদত্যাগপত্র জমা দেন।
চিঠিতে সঞ্জয় বাবু জানিয়েছেন, তার বাবার দীর্ঘদিনের গুরুতর অসুস্থতার কারণে সার্বক্ষণিক সেবা ও চিকিৎসার প্রয়োজনে পরিবারের পাশে থাকা এখন তার প্রথম অগ্রাধিকার। এই পরিস্থিতিতে কাউন্সিলরের দায়িত্ব পালন করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। পদত্যাগপত্রের অনুলিপি তিনি জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ দলের শীর্ষ স্থানীয় নেতাদের কাছেও পাঠিয়েছেন।
পারিবারিক কারণ দর্শানো হলেও আসানসোলের রাজনৈতিক মহলে এই ইস্তফাকে ঘিরে তীব্র জল্পনা দানা বেঁধেছে। সাম্প্রতিক সময়ে রাজ্যে তৃণমূলের জনপ্রতিনিধিদের পদত্যাগের যে হিড়িক দেখা দিয়েছে, এটি তারই অংশ কি না তা নিয়ে প্রশ্ন উঠছে। এই পদত্যাগে কুলটি তথা আসানসোল শিল্পাঞ্চলে তৃণমূলের অস্বস্তি যে অনেকটাই বাড়ল তা বলাই বাহুল্য। এখন শীর্ষ নেতৃত্ব এই ইস্তফা গ্রহণ করে নাকি মানভঞ্জনের চেষ্টা চালায়, সেদিকেই নজর রাজনৈতিক বিশ্লেষকদের।
Comments
Post a Comment