এলাকার উন্নয়নে জেলা শাসকের দ্বারস্থ বিধায়ক
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
কুলটি বিধানসভার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে পশ্চিম বর্ধমানের জেলা শাসকের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন কুলটির দু’বারের বিধায়ক ড. অজয় কুমার পোদ্দার। এই সৌহার্দ্যপূর্ণ বৈঠকে এলাকার একাধিক জ্বলন্ত সমস্যা সমাধানের দাবি জানান তিনি।
বৈঠকে বিধায়ক বিশেষ গুরুত্ব দিয়ে বরাকর থেকে ডিসেরগড় পর্যন্ত জরাজীর্ণ রাস্তা অবিলম্বে সংস্কারের দাবি তুলেছেন। পাশাপাশি, আসন্ন বর্ষার কথা মাথায় রেখে সিদ্ধেশ্বরী মন্দির সংলগ্ন এলাকার বেহাল নিকাশি ব্যবস্থা দ্রুত মেরামতির আর্জি জানান তিনি। একইসঙ্গে, নিয়ামতপুরের কুমারডিহা হেলথ সেন্টারের সীমানা প্রাচীর ভেঙে অবৈধ জবরদখল ও দীর্ঘদিনের ধুলোবালি সমস্যার সমাধানে সড়ক নির্মাণ কাজ দ্রুত শুরুর দাবি করেছেন ড. পোদ্দার। জেলা শাসক প্রতিটি সমস্যা গুরুত্ব সহকারে শুনে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।
রাজ্যে নতুন সরকার গঠনের এক মাস পূর্ণ হওয়ার আগেই যুদ্ধকালীন তৎপরতায় উন্নয়নমূলক কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন বিধায়ক। তিনি বলেন, “কুলটির মানুষের আস্থার মর্যাদা রাখাই আমার প্রধান লক্ষ্য।” দীর্ঘদিনের দুর্নীতি, কাটমানি ও লুটতরাজের রাজনীতির অবসান ঘটিয়ে বিজেপি সরকার স্বচ্ছতা ও উন্নয়নের সংকল্প নিয়ে এগিয়ে চলেছে বলে তিনি মন্তব্য করেন। বুথ স্তর থেকে সমস্যা সমাধান করে কুল্টিকে উন্নয়নের নতুন দিশা দেখানোই এখন তার মূল অঙ্গীকার।
Comments
Post a Comment